মানবিক উদ্যোগে ১৮ প্রতিবন্ধীর মুখে হাসি

মানবিক উদ্যোগে ১৮ প্রতিবন্ধীর মুখে হাসি

মো:মামুন রহমান
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি আটোয়ারী উপজেলার ১৮ জন অসহায়, পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছেন। শুক্রবার ১৯ জুন ২০২৬ ইং তারিখ আটোয়ারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের হাতে হুইল চেয়ার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবী, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করতে আটোয়ারী উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ৫ জুন ২০২৬ ইং তারিখে উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে উপজেলার গরিব, দুস্থ, অসহায়, পঙ্গু ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার আহ্বান জানানো হয়। পরবর্তীতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আবেদনকারীদের তথ্য সরেজমিনে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করা হয়।
এরই ধারাবাহিকতায় নির্বাচিত ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। হুইল চেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তাদের জীবনমান উন্নয়ন এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপা মনি দেবীর দায়িত্বশীল ও মানবিক উদ্যোগে প্রকৃত উপকারভোগীদের নির্বাচন করে স্বচ্ছতার সঙ্গে হুইল চেয়ার বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। প্রশাসনের এ ধরনের জনবান্ধব উদ্যোগ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *