ঘাটাইলে মাতাল অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী আটক, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড
টাঙ্গাইলের ঘাটাইলে প্রকাশ্য স্থানে মাতাল অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মো. তারা মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ছনখোলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত তারা মিয়া উপজেলার টেপি কুশারিয়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় ছনখোলা বাজারে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ শুরু করেন এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করলে দ্রুত একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং জনউপদ্রব সৃষ্টির দায়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ যেকোনো অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










Leave a Reply