স্কুলছাত্রী মারিয়া হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবিতে মানবন্ধন
স্কুলছাত্রী মারিয়া মাহি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু বিচার দাবিতে মানবন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (২৩ জুন) সকালে সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া মাহির হত্যার প্রতিবাদে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানবন্ধনে বক্তারা বলেন, মারিয়া হত্যা শুধু একটি পরিবারের ক্ষতি নয়, পুরো এলাকার জন্য মর্মান্তিক ঘটনা। একজন স্কুলছাত্রীর নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসী শোকাহত ও ক্ষুব্ধ। এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।অংশগ্রহণকারীরা আরও বলেন, এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সমাজে অপরাধপ্রবণতা বাড়বে। তাই দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।উল্লেখ্য, গত ১৫ জুন নিখোঁজ হওয়ার ছয় দিন পর ২১ জুন সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নের চন্দনগর এলাকার কবরস্থান-সংলগ্ন ঝোপ থেকে মারিয়ার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মারিয়া সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
এ ঘটনায় নিহতের মা কামরুন্নাহার বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি বর্তমানে তদন্তাধীন।










Leave a Reply