কুড়িগ্রামে বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে বিশৃঙ্খলা প্রতিরোধে জেলা বিএনপির সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অবস্থান কর্মসূচি পালন শেষে নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কলেজ মোড় হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান।অবস্থান কর্মসূচিতে দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় পাহারাদারের ভূমিকা পালন করবে।

বক্তারা আরও উল্লেখ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ সহিরুজ্জামান সাজু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও মো. ইদ্রিস আলী।

এছাড়াও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মাহাবুবার রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিমুল এহসান ও হাসান জোবায়ের হিমেল, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *