অ্যাম্বুলেন্সে মদ পাচার: পরশুরামে ১৭০ বোতল ভারতীয় হুইস্কিসহ ২ জন আটক
চিথলিয়া আলাউদ্দিন আহমেদ চৌধুরী কলেজের সামনে অভিযান; জব্দকৃত অ্যাম্বুলেন্সে “পরশুরাম ক্লিনিক” লেখা
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর নির্দেশে বিশেষ অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় হুইস্কিসহ ২ জনকে গ্রেফতার করেছে পরশুরাম মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০ আগস্ট ২০২৬ সকাল ৭:২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাহিদ উদ্দিন ও এএসআই রঞ্জিত বৈরাগীর নেতৃত্বে চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া সাকিনস্থ আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাছিম কলেজের সামনে পাকারাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-চ-১৯৮১ নম্বরের “পরশুরাম ক্লিনিক” লেখা একটি অ্যাম্বুলেন্স তল্লাশি করে ১৭০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদগুলো ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃতরা হলেন – পশ্চিম সাহেবনগরের জসিম উদ্দিন (৫১), পিতা: মৃত আলী আশরাফ এবং দক্ষিণ কোলাপাড়ার মিনহাজুর রহমান প্রকাশ অমি (২১), পিতা: মিজানুর রহমান।
এ ঘটনায় পরশুরাম মডেল থানায় মামলা নং-৩ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(১)/৩৬(১)/৪১ ধারায় মামলাটি রুজু করেছেন। পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম বলেন,
“অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার গাড়ি ব্যবহার করে মাদক পাচারকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
_পরশুরাম মডেল থানায় জব্দকৃত ১৭০ বোতল ভারতীয় হুইস্কি











Leave a Reply