ফেনীতে ইয়াবা কারবারের অভিযোগে তাঁতীদল নেতাসহ দুজন গ্রেফতার

ফেনীতে ইয়াবা কারবারের অভিযোগে তাঁতীদল নেতাসহ দুজন গ্রেফতার

ফেনীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক দাবিদার মো. মামুন (৬১) ও তার সহযোগী মো. আবুল হোসেন (৪৬)কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত মামুন ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামের আবুল হাসেমের ছেলে। অপরদিকে আবুল হোসেন ১৪নং জগন্নাথদিঘী ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের আবদুস সালামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে শহরের দাউদপুল এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতি চলছে। এমন তথ্যের ভিত্তিতে ফেনী শহরের দাউদপুল সংলগ্ন ফাইভ স্টার হোটেলের সামনে অবস্থান নেয় অধিদপ্তরের একটি দল।

অভিযান চলাকালে সন্দেহভাজন মামুনকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আবুল হোসেনকেও আটক করা হয়।

অভিযানে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ঘটনায় উপ-পরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

জেলা তাঁতীদলের আহ্বায়ক ছরওয়ার জাহান শ্রাবণ জানান, মো. মামুন যুগ্ম আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছেন। বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *